• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩০:০৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানে নতুন হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

১ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৩৮

ইরানে নতুন হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন করে সামরিক হামলা শুরুর প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ অক্টোবর শনিবার সকালে দুই নেতার মধ্যে এ কথোপকথন হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ফোনালাপ সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানে পুনরায় হামলার পরিকল্পনা নিয়ে যখন ওয়াশিংটন প্রস্তুতি নিচ্ছে, তখনই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কথা হয়।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ইরান সংঘাতের কূটনৈতিক সমাধান চান ট্রাম্প। তবে সামরিকভাবেও নিজেদের লক্ষ্য অর্জনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

হামলা হলে এবার কোনো সীমারেখা মানবে না ইরান: ইব্রাহিম আজিজি

শনিবার ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের আরও এক বা দুটি স্থাপনা ধ্বংস করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের এখনো এক বা দুটি স্থাপনার ব্যবস্থা করতে হবে। তবে ১০ মিনিটের মধ্যেই তা করা সম্ভব।’

এ সময় ইরানের পিকঅ্যাক্স পর্বতের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আপনারা পিকঅ্যাক্স পর্বতের কথা বিবেচনা করতে পারেন। সেটিরও ব্যবস্থা করতে হবে।’

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, পিকঅ্যাক্স পর্বত এলাকায় পারমাণবিক উপাদান মজুত রাখা হতে পারে। চলমান যুদ্ধে এখনো সেখানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

নেতানিয়াহু-আইজেনকোটের ক্ষমতা ভাগাভাগির চুক্তি হচ্ছে

এদিকে, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়। আলোচনা ভালোভাবেই চলছে। তবে তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। চুক্তিতে পৌঁছানোর পরও তারা সেখান থেকে সরে আসে।

তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না।’

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ