আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতাদের হত্যার ক্ষেত্রে হয়তো তারা একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার নিহত হন।
স্থানীয় সময় ১ নভেম্বর রোববার আইওয়া অঙ্গরাজ্যের ডুবুকিউতে এক জনসভায় এসব কথা বলেন ট্রাম্প। খবর আল জাজিরার।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী এবং বিমানবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিমান বিধ্বংসী রাডার ধ্বংস করে দিয়েছে এবং তাদের নেতাদের হত্যা করেছে। তবে তাদের নেতাদের নিয়ে আমরা সম্ভবত একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। যা নিয়ে কেউ কথা বলে না।”
জনসভায় ইরানে হামলার পক্ষে সাফাইও গেয়েছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র নয়, ইরানই এ যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ শেষ করছে।
ট্রাম্প বলেন, “বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর মদদদাতা দেশ থেকে আমি আমাদের দেশকে রক্ষা করেছি।”
তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে আসছে। ২০০০ সালে ইয়েমেনের এডেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোলে হামলার জন্যও ইরানকে দায়ী করেন ট্রাম্প। যদিও ওই হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা।
এ ছাড়া ইরাকে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে মার্কিন সেনাদের নিহত হওয়ার জন্যও ইরানকে দায়ী করেছেন তিনি।
ট্রাম্প বলেন, এসব বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট সোলাইমানিকে ‘রাস্তার পাশের বোমার জনক’ হিসেবে অভিহিত করেন।
২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। ওই বছরই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প।
ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে দাবি করে ট্রাম্প বলেন, “তারা এ যুদ্ধ শুরু করেছে। আমরা শুরু করিনি। আমরা যুদ্ধটি শেষ করছি। আমরা তাদের খুব শোচনীয়ভাবে হারাচ্ছি।”
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available