আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদন প্রকাশের পরপরই ৩ নভেম্বর মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং বন্দর লেঙ্গেহ এলাকা দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ইরনা' (IRNA) জানায়, কৌশলগত কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফার্স নিউজ' জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ সংলগ্ন সমুদ্রের দিক থেকে এসব বিস্ফোরণের শব্দ ভেসে আসে। তবে এই বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের হামলা চালানোর সক্ষমতা নষ্ট করতেই প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব ছোট মাত্রার অভিযান চালানো হচ্ছে।
বিস্ময়কর বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে খাটো করে দেখার চেষ্টা করছেন, ঠিক তখনই এই হামলার খবর সামনে এল। ২ নভেম্বর সোমবার সাংবাদিকদের ট্রাম্প দাবি করেন, "ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল এবং আমরা জিতেছি। কয়েক মাস ধরে কোনো লড়াই না হওয়ায় এটিকে আদৌ যুদ্ধ বলা যায় কি না, তা নিয়ে সন্দেহ আছে।"
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান এবং মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হওয়ার পর এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। পরবর্তীতে ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও নিরাপত্তা সংক্রান্ত মতবিরোধে তা আটকে যায়।
বর্তমানে দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার আবহ থাকলেও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, উদ্ভূত পরিস্থিতি ও বার্তা আদান-প্রদানের উদ্দেশ্যে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সম্প্রতি দোহা সফর করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available