• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৯:৪৬ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে দুই জাহাজে অগ্নিকাণ্ড

৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৩:১১

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে দুই জাহাজে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতার সঙ্গে এসব বিস্ফোরণের শব্দের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

তবে বিস্ফোরণের ঘটনাগুলো ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঘটেছে কি না, সে বিষয়ে ইরানি কর্মকর্তারা নিশ্চিত কোনো তথ্য দেননি। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

এদিকে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। তবে জাহাজ দুটিতে আগুন লাগার ঘটনা এবং ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের শব্দের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের আরোপিত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে এর আগে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ইরান।

এর আগে শনিবার তাসনিম জানায়, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

তাহলে কি পারমাণবিক নীতিমালা বদলের প্রস্তুতি নিচ্ছে ইরান?

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রও দ্বীপটিতে হামলা চালায়। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই হামলা ছিল সীমিত পরিসরের। এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

এদিকে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের দাবি, অবরোধ লঙ্ঘনের চেষ্টা করায় তাদের একটি উড়োজাহাজ জাহাজটির পেছনের অংশে গুলি চালায়। এতে জাহাজটি চলাচলের সক্ষমতা হারায়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ