আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নিরাপত্তা ও জাতীয় নীতিনির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ‘ইয়াশার’ পার্টির নেতা ও নেসেট সদস্য গাদি আইজেনকোট। এ বিষয়ে ১১ নভেম্বর বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি পাঠিয়েছেন তিনি।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়মিত নিরাপত্তা-সংক্রান্ত ব্রিফিং ও হালনাগাদ তথ্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপও কামনা করেছেন আইজেনকোট। খবর জেরোজালেম পোস্টের।
ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে বিতর্ক বা মতবিরোধ আবারও প্রকাশ্যে আসার খবর মঙ্গলবার এন১২ চ্যানেলে প্রকাশিত হয়। এর পরই আইজেনকোটের চিঠি পাঠানোর বিষয়টি সামনে আসে।
নেতানিয়াহুকে লেখা চিঠিতে আইজেনকোট উল্লেখ করেন : 'আমি দাবি করছি যে এই সংবেদনশীল সময়ে আপনি জাতীয় দায়িত্বশীলতার সাথে কাজ করুন। বিপজ্জনক পদক্ষেপের ক্ষেত্রে সংযম ও সতর্কতা অবলম্বন করুন—যেগুলো স্থগিত রাখা সম্ভব যতক্ষণ না নেসেটের আস্থাভাজন একটি নতুন সরকার শপথ গ্রহণ করছে।'
তিনি আরো যোগ করেন, 'সরকারি প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর জনগণের যে বিশ্বাস রয়েছে, তা বিনষ্ট করবেন না।'
নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা জোটের মধ্যে রাজনৈতিক অচলাবস্থার কারণে ২৭ অক্টোবরের নির্বাচনের পরও নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট। এ জন্য রবিবার থেকে তিনি ২৮ দিন সময় পাচ্ছেন। প্রয়োজনে মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর আবেদন করার সুযোগও রয়েছে।
এদিকে, জোট গঠনের আলোচনা চলার মধ্যেই মঙ্গলবার ২৬তম নেসেটের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো চিঠিতে আইজেনকোট অনুরোধ জানিয়েছেন, নেতানিয়াহু যেন তাঁকে বর্তমান নিরাপত্তা হুমকিসংক্রান্ত তথ্য নিয়মিত সরবরাহ করেন। কার্যকর নজরদারি নিশ্চিত করা, জাতীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং নিরাপত্তার স্বার্থ রক্ষার জন্য এটি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীকে প্রতি মাসে অন্তত একবার বিরোধীদলীয় নেতাকে নিরাপত্তা বিষয়ে ব্রিফ করতে হয়। তবে সরকার গঠনের সমঝোতা চূড়ান্ত না হওয়ায় ইয়াইর লাপিদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কোনো বিরোধীদলীয় নেতা আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হননি। এ পরিস্থিতিতে আইজেনকোট নিয়মিত নিরাপত্তা ব্রিফিং পাওয়ার আবেদন জানিয়েছেন।
চিঠিতে আইজেনকোট অ্যাটর্নি জেনারেলকে লিখেন, 'বর্তমান আইনি পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কোনো বিরোধীদলীয় নেতা নেই। অতএব, নতুন কেউ নিযুক্ত না থাকা অবস্থায় এবং প্রেসিডেন্ট কর্তৃক সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইনপ্রণেতা হিসেবে আমার মনে হয় আমার নিয়মিত, সুসংগঠিত ও বিস্তৃত নিরাপত্তা ব্রিফিং পাওয়ার পাশাপাশি গোয়েন্দা মূল্যায়নের সুযোগ পাওয়া উচিত।'
এদিকে, নেতানিয়াহুর নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সব সিদ্ধান্ত 'কেবলমাত্র নিরাপত্তাবিষয়ক বিবেচনা এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছিল।'
বিবৃতিতে আরও বলা হয়, 'এসব সিদ্ধান্ত ইসরাইল রাষ্ট্রের জন্য অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আতঙ্ক ও বিভেদ না ছড়িয়ে সবার দায়িত্বশীল আচরণ করা উচিত।'
আইজেনকোটের চিঠিকে 'একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ' হিসেবে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের অভিযোগ, চিঠির মাধ্যমে 'প্রকাশ্যে সংবেদনশীল নিরাপত্তা বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'এটি ইসরাইলের জাতীয় নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিকীকরণ করার একটি পরিষ্কার চেষ্টা।'
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করে পাল্টা প্রশ্ন তুলেছেন আইজেনকোট। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক মাধ্যমে কৌশলগত বা সামরিক ব্রিফিং পাওয়ার আবেদন কেন নেতানিয়াহু প্রত্যাখ্যান করছেন, তা জানতে চান তিনি।
এ ছাড়া আগামী সপ্তাহ পর্যন্ত নেসেটের ‘পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটি’র বৈঠক পিছিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন ‘ইয়াশার’ পার্টির প্রধান।
আইজেনকোট বলেন, 'নেসেটের আস্থা হারানো একটি সরকারের তদারকির ক্ষেত্রে আমি কোনো শূন্যতা তৈরি হতে দেব না। নিরাপত্তা বিবেচনার ক্ষেত্রে সামান্যতম বিচ্যুতিও আমি সহ্য করব না।'
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available