• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:৩০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

২৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেল বিশ্বের বৃহত্তম রকেট

১৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৭:১২

২৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেল বিশ্বের বৃহত্তম রকেট
রকেট উৎক্ষেপণ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী রকেট স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। ১৩ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে ২৬টি নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। তবে রকেটের দুটি অংশই উৎক্ষেপণকেন্দ্রে ফিরিয়ে আনার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি।

৪০৭ ফুট বা প্রায় ১২৪ মিটার উঁচু স্টারশিপ রকেটটি প্রায় ৪০ তলা ভবনের সমান। এর দুটি প্রধান অংশ—সুপার হেভি বুস্টার এবং স্টারশিপ মহাকাশযান। এবারের পরীক্ষার অন্যতম লক্ষ্য ছিল উৎক্ষেপণের পর দুই অংশকেই পুনরুদ্ধার করে পুনরায় ব্যবহারের উপযোগী করা। খবর এপির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ৪৭ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর নির্ধারিত সময়েই দুই অংশের বিচ্ছিন্নকরণ সম্পন্ন হয়। এরপর ওপরের অংশ স্টারশিপ মহাকাশযানটি কক্ষপথের দিকে এগিয়ে যায়। অন্যদিকে সুপার হেভি বুস্টারের উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসার কথা ছিল।

আরও পড়ুন

ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরি, আহত ৩২

পরিকল্পনা অনুযায়ী বুস্টারটিকে উৎক্ষেপণ টাওয়ারের সঙ্গে যুক্ত বিশাল যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা বাতিল করা হয়। পরিবর্তে বুস্টারটিকে নিয়ন্ত্রিতভাবে মেক্সিকো উপসাগরে নামিয়ে দেওয়া হয়। পানিতে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। কেন বুস্টারটিকে টাওয়ারে ফিরিয়ে আনার চেষ্টা বাতিল করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি স্পেসএক্স।

তবে বুস্টারের অবতরণ পরিকল্পনা অনুযায়ী না হলেও স্টারশিপের ওপরের অংশটি নির্ধারিত কার্যক্রম চালিয়ে যায়। মহাকাশযানটি কক্ষপথে পৌঁছে ২৬টি স্টারলিংক ভি-থ্রি স্যাটেলাইট সফলভাবে ছাড়ে। স্পেসএক্সের পক্ষ থেকে স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযানটির প্রায় ২২ ঘণ্টার এই পরীক্ষামূলক যাত্রা শেষে শনিবার (১৪ নভেম্বর) টেক্সাসের স্টারবেসে ফিরে আসার কথা। এ সময় উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে সেটিকে ধরে ফেলার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রচেষ্টা সফল হবে কি না, তা নির্ভর করছে মহাকাশযানটির অবস্থা ও পরবর্তী অনুমোদনের ওপর।

আরও পড়ুন

অ্যাপেক শীর্ষ সম্মেলনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

এর আগে স্পেসএক্স তিনবার সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে সফলভাবে ধরে ফেলেছিল। তবে সেগুলো ছিল আগের সংস্করণের বুস্টার। এবারের পরীক্ষায় নতুন সংস্করণের বুস্টারকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে কক্ষপথ থেকে স্টারশিপের ওপরের অংশকে ফিরিয়ে এনে টাওয়ারে ধরার প্রচেষ্টা স্পেসএক্সের জন্য নতুন চ্যালেঞ্জ।

কক্ষপথ থেকে ফেরার সময় মহাকাশযানটিকে বায়ুমণ্ডলে প্রবেশের প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করতে হবে। এ পর্যায় সফলভাবে সম্পন্ন করতে পারলে মহাকাশযানটি পুনরায় ব্যবহারের লক্ষ্য অর্জনে বড় অগ্রগতি হবে।

নাসার আর্টেমিস কর্মসূচিতেও স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচির আওতায় মার্কিন নভোচারীদের চাঁদে অবতরণের জন্য স্টারশিপের পরিবর্তিত সংস্করণ তৈরি করছে স্পেসএক্স। ভবিষ্যতে চাঁদে নভোচারী পাঠানো এবং মঙ্গল গ্রহে অভিযানের পরিকল্পনায়ও এ রকেটকে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০

এর আগে গত সেপ্টেম্বরে স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়নে প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছানো এবং ২৬টি স্টারলিংক স্যাটেলাইট স্থাপনের সাফল্য পেয়েছিল স্পেসএক্স। এবারের পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি রকেটের দুই অংশ পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের সক্ষমতা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ