আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির সুযোগ দেওয়ার বিনিময়ে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তুলেছেন মার্কিন প্রতিনিধিরা—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাবের কথা স্বীকার করা হয়নি।
বিবিসিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে, তবে যেকোনো চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি অপরিহার্য।
১৪ নভেম্বর শনিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি এই তথ্য জানান।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি মার্কিন দূতেরা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করেন। জেলেনস্কি জানান, মার্কিন প্রতিনিধিরা প্রথমবারের মতো এমন একটি প্রশ্ন সামনে এনেছেন যে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেলে দনবাস থেকে সেনা সরিয়ে নেবে কি না।
তিনি স্পষ্ট করেন, নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক শক্তির ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করা এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে পর্যাপ্ত অর্থায়নের সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে তিনি বিষয়টি গণভোটে দেবেন।
কিয়েভ দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ প্রত্যাশা করে আসছে। তবে যুক্তরাষ্ট্রসহ জোটের একাধিক সদস্য রাষ্ট্র এ নিয়ে দ্বিধায় রয়েছে। অন্যদিকে, নিজেদের সীমান্তসংলগ্ন কোনো দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার ঘোর বিরোধী মস্কো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দনবাসের অধিকাংশ এলাকা দখলে নেয় রুশ বাহিনী। তা সত্ত্বেও দেশের সার্বভৌম ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থানে অনড় রয়েছেন জেলেনস্কি।
শান্তিচুক্তির শর্ত হিসেবে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর আকার কমানো, ভূখণ্ড হস্তান্তর এবং নিরপেক্ষ থাকার দাবি জানিয়ে আসছে। কিয়েভের আশঙ্কা, এসব শর্ত মেনে নিলে ভবিষ্যতে রুশ আগ্রাসন মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি ন্যাটোর অন্যান্য সদস্যদের অনাগ্রহের কারণে জোটে যোগদানের পথটিও বেশ কঠিন বলে মনে করছে ইউক্রেন।
জেলেনস্কির অভিযোগ, মার্কিন মধ্যস্থতাকারীরা মনে করছেন শান্তি প্রতিষ্ঠার স্বার্থে কেবল ইউক্রেনকেই ভূখণ্ড ছাড় দিতে হবে এবং দ্রুত চুক্তিতে পৌঁছাতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ইউক্রেনের আশঙ্কা, রাশিয়ার ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা কেবল দনবাসেই সীমাবদ্ধ নয়। তাই নিজেদের দীর্ঘমেয়াদী নিরাপত্তার রক্ষাকবচ হিসেবে ন্যাটোর সদস্যপদকে অপরিহার্য মনে করে দেশটি।
অন্যদিকে, জেলেনস্কির এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার চলমান আলোচনার গোপনীয়তা বজায় রাখার ওপর জোর দেন।
তিনি জানান, যুদ্ধ নিরসনে নতুন উপায় খুঁজে বের করতে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা চলছে এবং এখান থেকে ইতিবাচক অগ্রগতির পথ তৈরি হতে পারে বলে তিনি আশাবাদী।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে দনবাসের দোনেৎস্ক ও লুহানস্কের বড় অংশ অন্তর্ভুক্ত। ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার পাশাপাশি দনবাসের বাকি অংশও ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে মস্কো। এছাড়া চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে কোনো যুদ্ধবিরতিতেও রাজি নয় রাশিয়া।
চলতি সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠকেও দনবাসের ভবিষ্যৎ ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।
এদিকে, রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলাকে কেন্দ্র করে সম্প্রতি ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এবং রাশিয়ার ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতে এসব হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর জেরে ইউক্রেনের প্রতিরক্ষা কাজে ব্যবহৃত স্টারলিংক ইন্টারনেট সেবা সীমিত করার জন্য মার্কিন কর্মকর্তাদের দায়ী করেন জেলেনস্কি। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প ইউক্রেনে নির্বাচন আয়োজন ও নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, দেশে সামরিক আইন জারি থাকায় বর্তমানে ইউক্রেনে নির্বাচন স্থগিত রয়েছে। তবে জেলেনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি সম্পাদিত হলে কয়েক মাসের মধ্যেই নির্বাচন আয়োজনে তিনি প্রস্তুত। এমনকি দেশের স্বার্থে ন্যাটোর সদস্যপদ নিশ্চিত হলে প্রেসিডেন্টের পদ ছেড়ে দিতেও তার কোনো আপত্তি নেই।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available