• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৬:১২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের হয়ে নাশকতা, ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার

১৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৫:০৭

পাকিস্তানের হয়ে নাশকতা, ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাবের গুরদাসপুর থেকে রাজস্থান পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা, শ্রীগঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর ও দেবেন্দ্র সিং। তারা দুজনই পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশের দাবি, রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানভিত্তিক একটি চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, মহকদীপ পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তাদের একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের মাধ্যমে ওই নারীকে প্রভাবিত করা এবং অর্থের প্রলোভন দেখিয়ে বিস্ফোরণের ঘটনায় যুক্ত করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

ন্যাটোর বিনিময়ে দনবাস থেকে সেনা সরানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

পুলিশের দাবি, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহকদীপকে ৩০ হাজার রুপি দেওয়া হয়েছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে ওই অর্থসহ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় সহযোগিতার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, তারা অভিযুক্তদের থাকার ব্যবস্থা, যানবাহন সরবরাহ এবং ঘটনাস্থলে যাতায়াতে সহায়তা করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার অভিযোগও তদন্ত করে দেখছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলমান। বিস্ফোরণের পেছনে কারা অর্থায়ন করেছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ নিহত ৪ সেনা

গত ৩ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রামসিংহপুরের কাছে অনুপগড়-সুরতগড় রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেললাইনের দুটি কংক্রিটের স্লিপার ভেঙে যায় এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। সেখানে প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল।

উল্লেখ্য, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে অনুপগড়-সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন ওই রেলপথ অতিক্রম করেছিল। বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে ৫ নভেম্বর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্ফোরণের নেপথ্যে থাকা চক্র এবং পাকিস্তানভিত্তিক যোগাযোগের অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

যুদ্ধের ক্ষতিপূরণ দাবি আরব জোটের, বিচার চায় ইরান

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ