• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৪:২৪ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৪:৫৭

পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের বিরোধী রাজনৈতিক নেতা গাদি আইজেনকট। এসব সহিংসতা রোধে দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাতভর পশ্চিম তীরের দেইর আল-সুদান গ্রামে বেশ কিছু বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। এর পাশাপাশি পার্শ্ববর্তী দেইর আবু মাশাল এবং কাফর মালিক গ্রামেও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বসতিস্থাপনকারীদের এমন সহিংস হামলা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের রাজনৈতিক দল 'ইয়াশার'-এর চেয়ারম্যান আইজেনকট বলেন, চরমপন্থি গোষ্ঠীগুলোর মাধ্যমে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

স্বর্ণ না কেনার পরামর্শ দিয়ে এবার দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

বর্তমান পরিস্থিতিকে ‘দুর্বল নেতৃত্বের ফল’ হিসেবে উল্লেখ করে এর জন্য ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে দায়ী করেন তিনি। আইজেনকট অভিযোগ করেন, এই দুই মন্ত্রীর নীতির কারণেই পশ্চিম তীর বর্তমানে নিয়ন্ত্রণহীন এক নৈরাজ্যকর পরিস্থিতির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

হামলাকারীদের দমনে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত'-এর সুনির্দিষ্ট অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক আটকাদেশসহ প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান গাদি আইজেনকট।

তার মতে, বসতিস্থাপনকারীদের এই তাণ্ডব থামাতে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর আরও কার্যকর ও দৃঢ় ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন

রাজনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও ইরানে আবার যুদ্ধ করতাম: ট্রাম্প

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪