আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত ওই দুজন জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলার জেরে হতাহতের এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। পাশাপাশি আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।’
এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশের আকাশসীমায় ইরানের ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ ছিটকে পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএর খবরে বলা হয়েছে, নিহত দুই ইতালীয় জার্মান প্রতিরক্ষা ও অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।
কুয়েত কর্তৃপক্ষ হামলার স্থল হিসেবে একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’র কথা উল্লেখ করলেও সেটির নাম বা সুনির্দিষ্ট অবস্থান জানায়নি। এ ছাড়া হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুই প্রযুক্তিবিদ কুয়েতে রাইনমেটালের একটি প্রকল্পে কর্মরত ছিলেন এবং তারা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে কাজ করছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তাদের পরিচয় ও সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। সূত্র: আল জাজিরা
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available