আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধুর রাজধানী করাচিতে ৬ তলা ভবন ধসে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৪ জন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার করাচির বালোচ কলোনির অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটেছে। ভবনটির ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানও শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই; কিন্তু ভারি যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের মৃতদেহের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় উদ্ধারকারীরা ভারি যন্ত্রপাতির পরিবর্তে হাতে তল্লাশি চালানোর ওপর জোর দিচ্ছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপের ভেতর ছোট ছোট ফাঁক তৈরি করেছেন, যাতে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারি যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হতে পারে এবং ভবনের কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি থাকে; তাই হাতে তল্লাশি চালানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে।
এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ধ্বংসস্তূপ থেকে তিনটি লাশ উদ্ধার এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। করাচির বালোচ কলোনি এলাকায় ধসে পড়া ভবনটির স্থানে এএফপির সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান।
পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এই এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে আছে। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন। উদ্ধারকর্মীরা ইট ও ধ্বংসাবশেষ সরিয়ে কংক্রিটের স্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
কাছাকাছি স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে অনেক মানুষ তাদের ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মহানগরীতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের জুলাই মাসে করাচির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন প্রাণ হারায়।
সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available