আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আজ রোববার বৈঠকে বসছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রী পদ পর্যায়ক্রমে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই দুই নেতার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
২৮ নভেম্বর শনিবার রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং রোববার স্থানীয় সময় সকাল ১০টায় ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়ার ড্যান অ্যাকাডিয়া হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি ও আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি এবং আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি আসন পেয়েছে।
নির্বাচনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের উদ্যোগ সফল করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
এরপর থেকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিভিন্ন দলকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তবে আরব-ইসরায়েলি দলগুলোর সমর্থন নেওয়ার বিরোধিতা এবং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে জোটে আনতে প্রয়োজনীয় সমঝোতা—দুই দিক থেকেই তিনি চাপে রয়েছেন।
প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি জানান, নতুন মেয়াদের শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু বলেন, ‘একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছুর ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া। তাই আমি সম্মত হচ্ছি, নতুন মেয়াদের শুরুতে গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।’
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোটও লিকুদ পার্টিকে পাল্টা প্রস্তাব দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘লিকুদ যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের অবস্থান কতটা আন্তরিক, তা যাচাই করতে আমি প্রস্তুত।’
আইজেনকোট জানান, নতুন সরকার গঠনের নীতিগত বিষয় ও নীতিমালা নিয়ে আলোচনা করতে তিনি নেতানিয়াহু ও তাঁর দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে নেতানিয়াহুর অনুরোধে গোপন মাধ্যমে একটি বিস্তারিত প্রস্তাব পাঠালেও সেটির জবাব পাননি বলে অভিযোগ করেন তিনি।
জোট গঠন নিয়ে মতভেদ
এ পর্যন্ত ইয়াশার পার্টি বামঘেঁষা ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির সঙ্গে জোট গঠনের চুক্তিতে পৌঁছেছে। তিন দলের আইনপ্রণেতার সংখ্যা সব মিলিয়ে ৩৬। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে যা অনেক কম।
আইজেনকোটের জোটে আরব দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন জানিয়েছেন, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে—রক্তাক্ত ও অবহেলাপূর্ণ এই সরকারের বিদায় নিতে হবে। ইহুদি ও আরব—সব নাগরিকের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আগামী সপ্তাহেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।’
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থী বেয়াচাদ পার্টির সহ-প্রধান ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে ‘ধারাবাহিক প্রতারণাকারী একজন ব্যক্তির আরেকটি স্পষ্ট প্রতারণা’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, নেতানিয়াহু প্রতিটি রাজনৈতিক অংশীদারকে ধোঁকা দিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।
জোটে যোগ দিতে পারে আরব দল
এদিকে, আরব-ইসরায়েলি দল রা’আমের নেতা মানসুর আব্বাস শনিবার হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করা একটি প্রস্তাবের প্রতি তাঁর দলের সমর্থনের কথা জানান। এতে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে রা’আমের যোগ দেওয়ার পথ সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস জানান, তাঁর দল এবং জয়েন্ট লিস্ট চলতি সপ্তাহে ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি কমিশন গঠনের প্রস্তাবসংবলিত বিলে সমর্থন দিয়েছে। ওই বিলে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আব্বাস বলেন, অতীতে তিনি সরাসরি এ ধরনের বক্তব্য দিতে রাজি হননি। কারণ, এতে ইসরায়েলের আরব জনগোষ্ঠী এবং পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন।
তবে তাঁর দল নতুন জোট সরকার গঠনের শুরুতেই যোগ দিতে পারে, আবার পরবর্তী কোনো পর্যায়েও অংশ নিতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আইজেনকোটের রাজনৈতিক শিবিরে মতভেদ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঐক্যের সরকারের প্রস্তাবকে স্বাগত জানালেও বেয়াচাদ পার্টির সহ-প্রধান ইয়ার লাপিদ এর বিরোধিতা করেছেন। ফলে আজকের বৈঠকে জোট গঠনের আলোচনা কোন দিকে এগোয়, তা নিয়ে ইসরায়েলের রাজনীতিতে আগ্রহ তৈরি হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available