অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
৩ নভেম্বর মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এই নোটিশ পাঠান।
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় এ্যানিকে নিয়ে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নোটিশে উদ্ধৃত বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’
নোটিশদাতার দাবি, বক্তব্যটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারিত হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ্যানির ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়।
নোটিশে দাবি করা হয়, ওই বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের পর্যায়ে পড়ে।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available