ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। আজ ২৩ অক্টোবর শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। নিহত শাহেদের পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ জনের মধ্যে ছিলেন শাহেদ আহম্মদ। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।
এ ছাড়া সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available