• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:০৫:৩৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

জনস্বাস্থ্যের নিরাপত্তায় কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী

২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২৫

জনস্বাস্থ্যের নিরাপত্তায় কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক : জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কীটনাশকের আমদানি, বাজারজাতকরণ ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

২৫ অক্টোবর রবিবার রাজধানীর ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কীটনাশকের যথাযথ নিয়ন্ত্রণ অপরিহার্য। দেশে এমন অনেক কীটনাশক আমদানি ও বাজারজাত করা হচ্ছে, যেগুলো বিশ্বের বহু দেশে ব্যবহার করা হয় না। এ পরিস্থিতিতে কীটনাশক আমদানির বিদ্যমান নীতিমালা ও পরীক্ষাব্যবস্থা পর্যালোচনা করে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

তিনি বলেন, শুধু খাদ্যের উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়, উৎপাদিত খাদ্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্য উদ্বেগের কারণ। খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ থেকে গেলে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণে কীটনাশক আমদানি ও ব্যবহারের নীতিমালা পর্যালোচনার জন্য সরকার ইতোমধ্যে একাধিক কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞানী, বিশেষজ্ঞ, আমদানিকারক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

আমিন উর রশিদ বলেন, প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণের অভাবে অনেক কৃষক কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে সঠিক মাত্রা অনুসরণ করতে পারেন না। কৃষকদের সচেতনতা বাড়ানো, প্রশিক্ষণ দেওয়া এবং নিরাপদ উৎপাদন পদ্ধতির সম্প্রসারণে সরকার কাজ করছে। পাশাপাশি কৃষিকে লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

তিনি বলেন, ফসল উৎপাদনে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার মাটির স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই জমির প্রয়োজন অনুযায়ী সুষম সার ব্যবহার এবং উত্তম কৃষিচর্চা অনুসরণ করা জরুরি। একই সঙ্গে কীটনাশক ও কৃষি উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত পণ্য উৎপাদন এবং প্রযোজ্য বিধিবিধান ও মানদণ্ড মেনে চলতে হবে।

পোলট্রি খাতের বিষয়ে মন্ত্রী বলেন, মুরগির খাদ্যে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও কার্যকর নজরদারি প্রয়োজন। এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্যের পরিসর বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তবে রপ্তানিতে প্রকৃত সাফল্য অর্জন করতে হলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি ভোক্তাদের কাছেও এসব পণ্য পৌঁছাতে হবে। এ লক্ষ্যে কাঁঠাল, আনারসসহ সম্ভাবনাময় কৃষিপণ্যের মান উন্নয়ন ও রপ্তানি সম্প্রসারণে কাজ চলছে।

আরও পড়ুন

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪টি পাঠ্যবই অনুমোদন

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে কৃষক, উদ্যোক্তা, বিজ্ঞানী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ভোক্তাসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

এটিভি/এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০