অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপিত হয়েছে।
এই উৎসবটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। এর মধ্যে দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাসব্যাপী বর্ষা বাসের সমাপ্তি ঘটে। এ সময়ে ভিক্ষুরা বিহারে অবস্থান করে আত্মশুদ্ধি, আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত থাকেন।
পূর্ণিমার পরদিন থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। এ অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা প্রাণিজগৎ ও সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় ধর্মীয় বাণী প্রচার করেন।
প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, গৌতম বুদ্ধ একবার তাঁর মাথার কিছু চুল কেটে বলেছিলেন, ‘আমি যদি সত্যিই পরম জ্ঞান ও বুদ্ধত্ব লাভের যোগ্য হয়ে থাকি, তবে এই চুলগুলো মাটিতে না পড়ে আকাশের দিকে ওপরে উঠে যাক।’ পরে বাস্তবে সেটিই হয়েছিল।
এই ঘটনার স্মরণে আজ সন্ধ্যায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা শরতের আকাশে রঙিন কাগজের তৈরি ফানুস ওড়াবেন, যা প্রবারণা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।
দিবসটি উপলক্ষে দেশের সব বৌদ্ধ বিহার, ধর্মীয় সংগঠনের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন ভোরে বিহারগুলোতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ভিক্ষুদের প্রাতরাশ গ্রহণ, সমবেত প্রার্থনা, রক্তদান, সংঘদান, আলোচনা সভা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং প্রদীপ পূজা।
এর অংশ হিসেবে রাজধানীর কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, কালাচাঁদপুর বৌদ্ধ বিহার, উত্তরা বৌদ্ধ বিহার, মিরপুরের আদিবাসী শাক্যমুনি বৌদ্ধ বিহার এবং আশুলিয়ার বোধিজ্ঞান মৈত্রী ভাবনা কেন্দ্রে প্রধান ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।
সেই সঙ্গে চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ নব পণ্ডিত বিহার, আগ্রাবাদের শাক্যমুনি মহাশ্মশান বৌদ্ধ বিহার, দেব পাহাড়ের পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং মোমিন রোডের সার্বজনীন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনায় বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উৎসবটি সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাজধানী ও বিভিন্ন জেলার বৌদ্ধ মন্দিরগুলোর ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available