অনলাইন ডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ।
২৭ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে এ সেবা চালু করা হয়েছে।
নতুন এ ব্যবস্থায় জাদুঘরের প্রবেশমুখ থেকেই দর্শনার্থীরা বিনামূল্যে হুইলচেয়ার নিতে পারবেন। পরিবারের সদস্য বা স্বজনদের সঙ্গে আসা দর্শনার্থীরা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে জাদুঘর ঘুরে দেখতে পারবেন। একা আসা দর্শনার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।
হুইলচেয়ার ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী কক্ষ পরিদর্শন করতে পারেন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।
মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ বিশেষ সেবা চালু করা হয়েছে।
তিনি বলেন, দর্শনার্থীদের স্বজনদের পাশাপাশি জাদুঘরের স্বেচ্ছাসেবকেরাও সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন, যাতে কেউ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন। আমরা জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, অবকাঠামো নির্মাণের সময় থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে হুইলচেয়ার চলাচলের উপযোগী পথ তৈরি করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থী বা তাদের পরিবারের সদস্যরা জাদুঘরের মূল ফটকে যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে এ সেবা গ্রহণ করতে পারবেন।
সূত্র: বাসস
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available