• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২৯:৩৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:০১

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ফের বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ১ নভেম্বর রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে।

আরও পড়ুন

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম, উদ্বোধন ১ ডিসেম্বর

এর আগে শনিবার দুপুরেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শনিবার রাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে শ্রমিকেরা আবারও বিভিন্ন স্থানে অবস্থান নেন। উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় জড়ো হন। কারখানায় হাজিরা দেওয়ার পর তারা বিক্ষোভে অংশ নেন বলে শ্রমিকেরা জানান।

শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবারের আন্দোলনের সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য জানিয়েছে শিল্প পুলিশ।

আরও পড়ুন

গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে শ্রমিকদের আগুন

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আপাতত পাঁচ প্লাটুন বিজিবি থাকবে। প্রয়োজন হলে সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে। বিজিবি শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন

সব রাজনৈতিক দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করার পরামর্শ রাষ্ট্রপতির

এদিকে, শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্তের পরও গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ