অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
১ নভেম্বর রোববার দুপুরে ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। তবে ৩১ অক্টোবর থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতার চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনের মাঝে থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মিরপুর ১০ ও এর আশেপাশে এলাকায় অভিযানে গ্রেফতাররা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সব নেতাকর্মীদের ঢাকায় এনেছে। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available