ডেস্ক রিপোর্ট: চলমান শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধের ঘটনায় তৈরি পোশাক খাতে সৃষ্ট অচলাবস্থার মধ্যে আজ ৪ নভেম্বর বুধবার সকাল ১১টায় বসছে নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা। শ্রমিক অসন্তোষ নিরসন এবং মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় অগ্রগতি আনতে দ্রুততম সময়ের মধ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রথম সভার মধ্য দিয়ে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছি।
তিনি বলেন, আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতা বলেন, সভাটি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত আমি জানতে পেরেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ১ নভেম্বর রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available