ডেস্ক রিপোর্ট: টানা ২৪ ঘণ্টা বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা। এ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
৪ নভেম্বর বুধবার সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
এতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তবে রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সব প্রি-পেইড মিটার ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ডেসকোর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, কেবল তারাই এ সমস্যার মুখে পড়তে পারেন।
এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিচার্জ করতে না পারার সম্ভাবনা বিবেচনায় নিয়ে গ্রাহকদের আগেভাগেই মিটারে প্রয়োজনীয় পরিমাণ টাকা জমা রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে আপগ্রেডেশনের সময় রিচার্জ সেবা সাময়িকভাবে ব্যাহত হলেও বিদ্যুৎ ব্যবহারে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে রিচার্জ সংক্রান্ত সাময়িক অসুবিধা কিংবা অন্য কোনো প্রয়োজনে গ্রাহকদের ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available