ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১০ নভেম্বর মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ লক্ষ্যে পুলিশের টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available