ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের অবরোধ কর্মসূচি চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দিলেও শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available