অনলাইন ডেস্ক: নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
১৪ নভেম্বর শনিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী বলেন, জনগণের জন্য যা কল্যাণকর, সরকার তা-ই করতে চায়। নারীদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নির্বাচনী ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগ সফল করার দায়িত্ব সবার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান বাধা। তাদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই শিশু দিবাযত্নের সুবিধা না থাকায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মন্ত্রী অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available