• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৩:০২ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে হামলাকারীদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৯

গোপালগঞ্জে হামলাকারীদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি পর্যালোচনা করে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, হামলা ও নাশকতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

১৭ নভেম্বর মঙ্গলবার রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও শিল্পের কাঠামোগত সমস্যা নিয়ে আলোচনার একপর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে আগুন দেওয়া এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের শনাক্ত করার মতো অডিও, ভিডিও ও অন্যান্য রেকর্ড সরকারের কাছে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

আগামীকাল লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। গোপালগঞ্জে একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপির কর্মী-সমর্থকদের দোকানপাটেও হামলা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় না অতীতের মতো রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হোক। প্রয়োজনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা ধৈর্য ধরলেও কোনো নিরীহ মানুষ যেন প্রাণ না হারান, সেটি নিশ্চিত করতে চায় সরকার। তবে আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে। কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না।

গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া দুষ্কৃতকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তবে হামলা ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মোটরযান চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা

এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। নিরীহ মানুষের জীবন-সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদ ও দেশবাসীকে জানানো প্রয়োজন।

অন্যদিকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে সংসদের আলোচনা অন্যদিকে সরিয়ে নেওয়া উচিত হবে না। তার অভিযোগ, একটি গোষ্ঠী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি যে কোনো রূপে ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন

লন্ডনে নাহিদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার, যুক্তরাজ্যকে তদন্তের আহ্বান

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালিকপক্ষ আগেই তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিকপক্ষ দুই সপ্তাহ পর প্রতিনিধির নাম দেয়। এরপর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রম ও ন্যূনতম মজুরি নির্ধারণের সময়সীমা এখনো শেষ হয়নি।

তিনি অভিযোগ করেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টিকে সামনে রেখে দেড় মাস আগে থেকেই একটি পক্ষ শ্রমিক অসন্তোষ উসকে দিয়েছে। উত্তরখান ও দক্ষিণখান এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। সরকার ও পুলিশ শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রমিক অধ্যুষিত এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এসব হাসপাতালের প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

মালিকদের প্রতি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি প্রস্তাব করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ও গত পাঁচ বছরের মজুরি বৃদ্ধির হিসাব বিবেচনায় নিয়ে এমন মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকদের জীবন নির্বাহে কষ্ট না হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮