ডেস্ক রিপোর্ট: অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী দায়ের করা বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
১৮ নভেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রজ্ঞাপন দুটি প্রকাশ করে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তকালীন তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available