আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। ২১ নভেম্বর শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান, মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতা এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানও তুলে ধরেন তিনি।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা উল্লেখ করেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন।
প্রীতি রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে অতীতের গৌরবোজ্জ্বল প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকার ও দৃঢ় সংকল্প রয়েছে।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদান এবং আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁর বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীরতা, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার বিষয়টিও উঠে আসে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বন্ধু ও অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করেন ভারতীয় এই সেনা কর্মকর্তা।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available