অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজীকরণের আহ্বান জানিয়েছেন তিনি।
২২ নভেম্বর রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।
এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একইসঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যেতে হয়, তাদের জন্য একাধিকবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে থাই রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকারী রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
এছাড়া, গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
জবাবে এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available