• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৫:১২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

রূপপুর কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

২৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৫৫

রূপপুর কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি বিষয়ের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়েছিল। ওই দিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় আবারও গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হলো কেন্দ্রটিকে।

আরও পড়ুন

ঢাকার বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম দফার পরীক্ষায় কেন্দ্রটির উৎপাদনক্ষমতা, টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়। এসব পরীক্ষার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার কার্যক্রমেও বিভিন্ন কারিগরি বিষয় যাচাই করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক উৎপাদনের বিভিন্ন ধাপে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরুর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেজেট প্রকাশ

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ