অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ২০২৭ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
২৫ নভেম্বর বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি এসব তথ্য জানান।
আখতার আহমেদ জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করায় আসনটিতে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে।
ইসি সচিব ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
আখতার আহমেদ আরও জানান, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুটি উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available