নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা থেকে সুরক্ষিত রেখে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি’-তে কর্মসংস্থানের লক্ষ্যে ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০০ জন কর্মী নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে।
২৫ নভেম্বর বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের (BAVWT) সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি ও রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ বাছাই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
এতে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার—এই তিনটি ক্যাটাগরিতে কর্মী চূড়ান্ত করা হচ্ছে।
দালালমুক্ত ও ডিজিটাল নিয়োগ প্রক্রিয়া
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, "অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী বিদেশে পাঠানো আমাদের অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের এই কর্মীদের নির্বাচন করা হচ্ছে।"
তিনি আরও জানান, প্রান্তিক মানুষকে মধ্যস্বত্বভোগীদের আর্থিক প্রতারণা থেকে বাঁচাতে সরাসরি যোগাযোগ ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মিশন, প্রান্তিক শক্তি লিমিটেড এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত উদ্যোগে কর্মীদের নিবন্ধন থেকে শুরু করে প্রবাসে অবস্থানকালীন সেবা, রেমিট্যান্স প্রেরণ ও ঋণের কিস্তি পরিশোধের জন্য ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’ ও সিআরএম (CRM) সফটওয়্যার চালু করা হয়েছে।
মহাপরিচালক বলেন, এছাড়া প্রবাসীদের দেশে থাকা পরিবারের নিরাপত্তায় বাহিনীর ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজ করবে।
শৃঙ্খলা ও দেশের ভাবমূর্তির ওপর গুরুত্বারোপ
বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক কঠোর বার্তা দিয়ে বলেন, প্রবাসের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য বাংলাদেশ তথা আনসার-ভিডিপির প্রতিনিধিত্ব করবেন। তাই সততা, শৃঙ্খলা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সারাদেশ থেকে বাছাইকৃত আরও প্রায় ১ হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং মেয়াদ শেষে যথানিয়মে দেশে ফেরার ওপরও তিনি গুরুত্ব দেন।
জাপান ও ইউরোপের বাজার এবং ‘সঞ্জীবন প্রকল্প’
আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ প্রসঙ্গে মহাপরিচালক জানান, দুবাইয়ের পাশাপাশি জাপান ও ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাপানের চাহিদা অনুযায়ী ভাষা ও আইসিটি দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্টুডেন্ট ট্র্যাকে জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাশাপাশি যারা পারিবারিক কারণে বিদেশে যেতে পারবেন না, তাদের জন্য দেশেই ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চাকরিপ্রার্থী ভিডিপি সদস্য ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available