অনলাইন ডেস্ক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের রফতানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার গড়ে তোলা হবে। তাঁর মতে, খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে না; আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা কোনোটিই টেকসই হতে পারে না।
২৫ নভেম্বর বুধবার রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এককভাবে খাদ্য মন্ত্রণালয়ের কাজ নয়; এ জন্য কৃষি ও বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
২০১৩ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যাত্রা শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ ঘটেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছে।
রপ্তানি পণ্যের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও মানসম্মত খাদ্য সরবরাহের তাগিদ দিয়ে আফরোজা খানম বলেন, বিদেশে ভালো মানের পণ্য পাঠিয়ে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করা মোটেও গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
সরকারি সেবার দীর্ঘসূত্রতা ও ফাইল প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন স্বীকার করে খাদ্যমন্ত্রী জানান, এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আগামী পাঁচ বছরের একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে এবং প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনার বিষয়ে তিনি জানান, জাইকার (JICA) অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি আধুনিক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে এগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে এবং দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
এ ছাড়া বিদ্যমান পরীক্ষাগারগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। সরকারি-বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একই পণ্য বারবার বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা করার ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থের অপচয় হয়। এই পুনরাবৃত্তি ও জটিলতা দূর করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
খাদ্য নিরাপত্তায় সততা ও জবাবদিহির বিষয়টি তুলে ধরে তিনি সতর্ক করেন, অর্থের বিনিময়ে পরীক্ষার রিপোর্ট প্রভাবিত করা বা অনৈতিকভাবে সনদ প্রদান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভেজাল ও অনিয়ম রোধে আইনের কার্যকর প্রয়োগ এবং কঠোর ও বাস্তবসম্মত শাস্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের নিজস্ব বিবেক ও নৈতিকতা থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পরীক্ষাগার ও বিশেষজ্ঞসহ সব অংশীজনের সম্মিলিত উদ্যোগেই দেশে একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
আহসান হাবীবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআই-এর (FBCCI) প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available