অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের ব্যাপারে খোঁজখবর নেন।
এসময় সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত সংযোগ এবং সমন্বয়ের ওপর জোর দেন।
প্রতিনিধিদল গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান। এসময় রাষ্ট্রপতি এ ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available