অনলাইন ডেস্ক: স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষের আর্থিক বিপর্যয় ঠেকাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
২৭ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইনে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় প্রতিরোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় কমানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর কৌশল।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরে একটি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে কোনো পরিবার যেন দারিদ্র্যের মুখে না পড়ে, সে জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির কার্যকর উদ্যোগগুলো কাজে লাগানোর সম্ভাবনাও তুলে ধরা হয়।
এ ছাড়া দুই দেশের মধ্যে ধারাবাহিকভাবে জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়, স্বাস্থ্য খাতের নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও একে অপরের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উভয় দেশের প্রতিনিধিরা স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা এই উচ্চপর্যায়ের বৈঠককে স্বাস্থ্য খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন; যার মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছেি।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available