অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবেলায় সরকার কাজ করছে।
২৮ নভেম্বর শনিবার রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে ২০২৪ সালের শ্বেতপত্রে প্রাক্কলন করা হয়েছে যে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩.৫ শতাংশ। ব্যাংকিং খাতেও সংকটের ব্যাপকতা সুস্পষ্ট।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬.৭ ট্রিলিয়ন টাকা, যা মোট বকেয়া ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। এসময় আর্থিক স্থিতিশীলতা ফেরাতে নিরীক্ষকদের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল সামষ্টিক-আর্থিক প্রেক্ষাপট ও বিনিয়োগকারীদের আস্থা তৈরি’ বর্তমান সময়ে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, আস্থাই একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি। আমানতকারীরা ব্যাংকে তাদের সঞ্চয় রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করেন এবং নাগরিকরা প্রত্যাশা করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ রক্ষা করবে। এই আস্থা নষ্ট হলে তার প্রভাব কেবল আর্থিক বাজারেই সীমাবদ্ধ থাকে না; বরং পরিবার, ব্যবসাবাণিজ্য ও জাতীয় স্থিতিশীলতার ওপরও পড়ে।
রাষ্ট্রপতি বলেন, আর্থিক স্থিতিশীলতা ফেরানো, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্যের প্রাপ্যতা ও স্থিতিশীল নিয়ন্ত্রণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করতে হবে। করদাতারা সরকারি ব্যয় এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্পষ্ট ও যাচাইযোগ্য হিসাব পাওয়ার অধিকার রাখেন।
সুশাসন ভেঙে পড়ায় বাংলাদেশকে চড়া মূল্য দিতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান নয়; ব্যাংকিং, বীমা, পুঁজিবাজার ও করপোরেট গভর্ন্যান্সের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও এর শিকার হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অশুভ আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এতে অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের চক্রে পড়ে এবং প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র গড়ে ওঠে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন ও টেকসই মানদণ্ডের প্রভাবে আর্থিক পেশায় পরিবর্তন আসছে উল্লেখ করে রাষ্ট্রপতি অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে তিনি ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ বিভাগের সচিব, আইসিএবি ও সাফার সভাপতিসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available