অনলাইন ডেস্ক: সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্তব্য করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু তার প্রভাব যেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে না পড়ে।
২৮ নভেম্বর শনিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে তাল মেলাতে না পারলে কেবল সনদধারী শিক্ষিতের হার বাড়বে, কিন্তু বেকারত্ব দূর হবে না।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ অপরিহার্য। পাশাপাশি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর অভিযোগ, বিগত ফ্যাসিবাদী শাসনামলে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে। তাই বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তোলা জরুরি বলে মনে করেন তিনি।
সম্মেলনে দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available