অনলাইন ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ বিষয়ে শুধু ৭ নভেম্বর নয়, সারা বছর আলোচনা হওয়া প্রয়োজন।
১৩ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের আলোচনায় মহান ৭ নভেম্বরের সংগ্রাম, প্রেক্ষাপট, প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচকেরা সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক বিষয় আলোচনায় এসেছে, যা এর আগে সেভাবে আলোচিত হয়নি। ৭ নভেম্বরের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে হবে।
তিনি বলেন, ৭ নভেম্বর শুধু সিপাহিদের অভ্যুত্থান ছিল না, এটি ছিল সিপাহি-জনতার অভ্যুত্থান। এর আগে ৩ নভেম্বর যে ঘটনা ঘটেছিল, সেটি ছিল স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী। বাংলাদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করার যে ইঙ্গিত তৈরি হয়েছিল, তা জনগণ বুঝতে পেরে অল্প সময়ের মধ্যেই জেগে ওঠে। সেনাবাহিনী ও সিপাহিরা বিদ্রোহ করেন। সেই বিদ্রোহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তি সামনে আসে।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসায় তাকে অন্তরীণ করে রাখার বিষয়টি সেনাবাহিনী ও সাধারণ মানুষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিল। এ কারণে তারা বিদ্রোহে অংশ নেয়। এই অভ্যুত্থান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরই একটি অংশ।
দুদু বলেন, ১৯৭১ সালে এক পক্ষ পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা করেছিল, অন্য পক্ষ পাকিস্তান থেকে বেরিয়ে এসে নতুন দেশ গড়তে চেয়েছিল। শহীদ জিয়াউর রহমান দ্বিতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান ঘর ছেড়ে জনতার মধ্যে মিশে যাননি। অন্যদিকে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার সুযোগ বন্ধ হয়ে যায়। এরপর পাকিস্তানি বাহিনী জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হত্যা চালায়।
দুদু বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হলেও পরবর্তী সময়ে দেশে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা ছিল না। এ বিষয়ে অমর্ত্য সেনের গবেষণার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ চলাকালে শেখ মুজিবুর রহমানের দুই ছেলের বিয়েতে সোনার মুকুট পরানো এবং ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির আশপাশে আয়োজন করে খাবার পরিবেশনের ঘটনা ছিল জাতির সঙ্গে নির্মম রসিকতা।
দুদু বলেন, শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশের মানুষ মিষ্টি বিতরণ ও উৎসব করেছিল। এটি ইতিহাসের বাস্তবতা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মনোভাব বুঝতে পারলে ৩ নভেম্বরের ঘটনা ঘটত না। ৩ নভেম্বরের মধ্য দিয়েই ৭ নভেম্বরের প্রেক্ষাপট তৈরি হয় এবং ৭ নভেম্বরের মধ্য দিয়ে জিয়াউর রহমানের পুনরুত্থান ঘটে।
তিনি বলেন, এই তিন নেতা জনগণের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন ও নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছেন। জনগণের পছন্দ ও সমর্থনের ভিত্তিতেই তাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
দুদু বলেন, ৭ নভেম্বরের গুরুত্ব সারা বছর বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই ইতিহাস জানানো গুরুত্বপূর্ণ।
আয়োজক সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কৃষকদলের সাবেক নেতা শাজাহান মিয়া সম্রাট, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available