ডেস্ক রিপোর্ট: লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
১৭ নভেম্বর মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে রাশেদ খাঁন বলেন, লন্ডনে নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে তাদের নিষিদ্ধ করার ব্যবস্থা করে দেবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে? জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেননি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মার খাওয়ানো হয়েছে। এখানেও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবেন?
রাশেদ খাঁন তার পোস্টে আরও উল্লেখ করেন, জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হলে আওয়ামী লীগের দুর্বৃত্তদের প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া সম্ভব। দোষারোপের রাজনীতির চেয়ে ঐক্যের রাজনীতি বেশি গুরুত্ব পাবে। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে নাশকতা ও হামলার দুঃসাহস দেখাতে না পারে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি, আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available