ডেস্ক রিপোর্ট: শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের পরও আন্দোলন অব্যাহত থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা জামান। শ্রমিকদের আবেগ ও ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে কি না, তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
১৮ নভেম্বর বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন মোস্তফা জামান।
স্ট্যাটাসে তিনি প্রশ্ন করেন, সরকার যখন শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছে এবং তাদের দাবি পূরণে ইতিবাচক অবস্থান নিয়েছে, তখনো কেন আন্দোলন চলছে? এই আন্দোলনে প্রকৃত সুবিধাভোগী কারা এবং এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তা শ্রমিকদের ভেবে দেখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে ঐকমত্য হয়। পরবর্তী সময়ে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের জন্য নির্ধারিত ১৬ নভেম্বরের সভা পিছিয়ে ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়।
মোস্তফা জামান বলেন, দেশের শিল্পকারখানা ও কর্মসংস্থান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রয়াদেশ বন্ধ হয়ে গেলে, নতুন কাজের সুযোগ কমে গেলে কিংবা কারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই। এর প্রভাব পড়বে তাদের পরিবার ও সামগ্রিক অর্থনীতিতে।
শ্রমিকদের বাস্তব পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, কোনো শ্রমিকের বেতন ৩০ হাজার টাকা নির্ধারিত হলেও আন্দোলন ও অস্থিতিশীলতার কারণে তার কর্মস্থল কারখানাটি বন্ধ হয়ে গেলে সেই বেতন দিয়ে কী করবেন? তখন তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব কে নেবে?
আন্দোলনে উসকানিদাতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। যারা শ্রমিকদের রাস্তায় নামতে উৎসাহিত করছেন এবং আন্দোলনের ডাক দিচ্ছেন, তারা সত্যিই শ্রমিকদের স্বার্থের কথা ভাবছেন কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্দোলনের পেছনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন।
স্ট্যাটাসে মোস্তফা জামান আরও বলেন, তিনি শ্রমিকদের প্রতিপক্ষ নন। বরং শ্রমিকদের সুখ-দুঃখ, অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তার বিষয়টি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্রমিকদের শান্ত থাকার এবং কোনো উসকানিতে বিভ্রান্ত না হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান রক্ষায় পাশে থাকার আশ্বাস দেন।
স্ট্যাটাসের শেষাংশে মোস্তফা জামান লেখেন, ‘কারখানা বাঁচলে শ্রমিক বাঁচবে, কর্মসংস্থান বাঁচলে পরিবার বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে।’
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available