ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। তবে চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। ওই কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, চিঠিটি যাচাই-বাছাই করে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে।
রাশেদ খানের দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি বিভিন্ন নথিতে বাংলা ভাষায় স্বাক্ষর করেছেন। জাতীয় পরিচয়পত্রে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই। ফলে পাসপোর্ট ও এনআইডির আবেদনে ইংরেজিতে করা স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।’
পোস্টের শেষাংশে বিষয়টি নিয়ে কটাক্ষ করে রাশেদ খান লেখেন, ‘চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?’
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available