ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া গল্প’ ছড়িয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২৩ নভেম্বর সোমবার দুপুরে এক বিবৃতিতে এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ এ ছাড়া বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলেছেন।
এনসিপির দাবি, ভারত রাষ্ট্রের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার সাহস পেয়েছেন। দলটির অভিযোগ, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ভারতের কাছে তুলে ধরে দেশটির বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরির চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় নেতাদের এ ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
এনসিপি মনে করে, বাংলাদেশের জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
একই সঙ্গে ঘটনার প্রতিবাদে বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের কথিত হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছে এনসিপি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available