অনলাইন ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে এক ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ তার বাসায় যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপ-পরিদর্শক (এসআই) গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় উপস্থিত হন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় ওই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদী ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত তিনটি ধারায় অভিযোগ এনে মামলাটি করা হয়। আওয়ামী লীগ আমলের এমন একটি মামলায় বর্তমান সময়ে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের বাসায় যাওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করে এনসিপি।
দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইনের অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ নানা অভিযোগে এসব মামলা করেন।
এর মধ্যে একাধিক মামলায় রায়ও ঘোষিত হয় এবং মাহমুদুর রহমানকে সাজা ভোগ করতে হয়। এ ছাড়া বিনা বিচারে দুই দফায় দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয়েছিল তাকে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আদালতে আত্মসমর্পণ করে তাকে কারাগারে যেতে হয়েছিল।
এনসিপির দাবি, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার মিলিয়ে ইতোমধ্যে ২৮ মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন। তা সত্ত্বেও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে করা মামলাগুলো কীভাবে এখনো সচল রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
অবিলম্বে আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি দেশবরেণ্য এই সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নেপথ্যে কারা জড়িত, তা তদন্ত করে জাতির সামনে সুস্পষ্ট ব্যাখ্যা প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available