ডেস্ক রিপোর্ট: হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে ২০২৭ সালের হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরত ধর্মীয় সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় চলতি অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সম্মানী পাবেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমানো হয়েছে। পাশাপাশি দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছার ফলে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের জন্য জনপ্রতি বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৬ সালের হজে এই ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে এক বছরের ব্যবধানে জনপ্রতি বিমানভাড়া কমেছে ২৪ হাজার ৮৩০ টাকা।
এদিকে, ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এতে খাবারের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে। হজযাত্রীদের সামগ্রিক ব্যয় সহনীয় করতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মীয় সেবাকর্মীদের সম্মানী কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় সেবাকর্মী এ সুবিধা পাবেন।
নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক মাসে ৫ হাজার টাকা করে পাবেন। সংশ্লিষ্ট অন্যান্য ধর্মীয় সেবাকর্মীদের জন্যও নির্ধারিত হারে সম্মানী দেওয়ার ব্যবস্থা রয়েছে।
সম্মানীর অর্থ উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক পদ্ধতিতে পাঠানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। হজযাত্রীদের আর্থিক চাপ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদানের মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্যের বিষয়টি জানানো হয়েছে।
মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
মাহফিলে বক্তব্য ও বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল এবং মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available