• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১১:৫০:৩৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

১১ নভেম্বর ২০২৬ রাত ১০:৪৮:৩৩

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিবের গোলে বড় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

১১ নভেম্বর বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটে হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। এরপর শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত

৩৮তম মিনিটে ভালো একটি সুযোগ পায় শ্রীলঙ্কা। দারুণ একটি ক্রস এলেও তাতে কেউ পা ছোঁয়াতে পারেননি। একটু পর আবারও আক্রমণে ওঠেন ফারহান। তবে সেই আক্রমণও কাজে আসেনি।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। বক্সের বাইরে ইব্রাহিমের পাস পেয়ে দৌড়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর তার শট সুজন পেরেরার শরীরে লেগে জালে জড়ায়। হামজার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত চোখ ধাঁধানো এক গোল করেন ফারহান আলী। ম্যাচের ৫৪ মিনিটে করা এই গোলটি তার দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম গোল। আর শেষ গোলটি করেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১১ নভেম্বর ২০২৬)

এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা পেয়েছে ভুটান। বড় হারে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে অন্য সেমিফাইনালে ভুটানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩