স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে ২০২৬ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ ও উজবেকিস্তানের চ্যালেঞ্জার জাভোখির সিন্দারভের লড়াই শেষ হয়েছে ড্রয়ে। ৩৮ চালের রোমাঞ্চকর লড়াইয়ের পর কেউই জয় তুলে নিতে পারেননি।
এবারের আসরটি গড়েছে নতুন ইতিহাস। গুকেশ ও সিন্দারভ দুজনেরই বয়স ২০ বছর। তাদের সম্মিলিত বয়স বিবেচনায় এটি দাবার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ২ প্রতিযোগীর বিশ্ব চ্যাম্পিয়নশিপ লড়াই।
মোট ১৪ ম্যাচের এই চ্যাম্পিয়নশিপ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার আগে দুর্দান্ত ফর্মে থাকায় উজবেকিস্তানের সিন্দারভকে এগিয়ে রাখছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও শীর্ষ গ্র্যান্ডমাস্টাররা। ২০২৫ সালের বিশ্বকাপ জয়ের পর ক্যান্ডিডেটস টুর্নামেন্টেও শিরোপা জিতেছেন তিনি। ফিদে র্যাঙ্কিংয়েও গুকেশের চেয়ে ৭২ পয়েন্ট এগিয়ে রয়েছেন সিন্দারভ।
অন্যদিকে, অভিজ্ঞতাকেই বড় শক্তি হিসেবে দেখছেন গুকেশ। ২০২৪ সালে সিঙ্গাপুরে চীনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ অবিসংবাদিত ক্লাসিক্যাল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
তবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার লড়াইটা সহজ হচ্ছে না গুকেশের জন্য। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন ভারতীয় এই তারকা। এখন দেখার বিষয়, অভিজ্ঞতা ও চাপ সামলে শিরোপা ধরে রাখতে পারেন কি না গুকেশ, নাকি নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হন সিন্দারভ।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available