স্পোর্টস ডেস্ক: আইপিএলের নিলামে নাম লেখানোর খবর শোনা গেলেও শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন নিলামের জন্য ১২২৭ জন ক্রিকেটারের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও নেই মোস্তাফিজ কিংবা সাকিব আল হাসানের নাম।
গত আসরে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘটনাটি তখন বেশ জলঘোলা করে এবং এর প্রতিবাদে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ।
বিসিসিআইয়ের সর্বশেষ তালিকা অনুযায়ী, এবারের নিলামে অংশ নিতে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল এবং তাসকিন আহমেদ। এই তালিকায় থাকা ক্রিকেটারদের কারোরই এখনো আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই।
এর আগে গত ১১ নভেম্বর জানা গিয়েছিল যে, মোস্তাফিজ আইপিএলের নিলামে নাম দিয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কর্মকর্তা শাহরিয়ার নাফিস সে সময় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, প্রতিটি মিনি নিলামের আগেই বিসিসিআই সব বোর্ডকে আগ্রহী ক্রিকেটারদের তালিকা পাঠাতে বলে। সেই প্রক্রিয়ায় মোস্তাফিজের পাশাপাশি নাহিদ, রিশাদ, তাওহিদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও নাম লিখিয়েছিলেন।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি মোস্তাফিজের। পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯টি মৌসুম খেলেছেন ‘দ্য ফিজ’। আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ২০১৬ সালে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে ৬০টি ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমিতে ৬০টি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available