স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের পর সেঞ্চুরিয়ন টেস্টেও চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারের ধসে ইনিংস হারের শঙ্কায় পড়েছে টাইগাররা। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আইসিসির হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তাওহিদ হৃদয় ও লিটন দাস।
২৫ নভেম্বর বুধবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। মাত্র চারটি টেস্ট খেলেই ২৮ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন তিনি। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলার পাশাপাশি এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার।
হৃদয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসেরও। ৯ ধাপ এগিয়ে এখন ২৪তম স্থানে আছেন তিনি। জোহানেসবার্গে ১২০ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন লিটন। তবে সেঞ্চুরিয়ন টেস্টে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিংয়ে নামা নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ব্যাটারের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩ ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে নেমে গেছেন। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন মুমিনুল হক; ১৮ ধাপ হারিয়ে তিনি এখন ৫৬তম অবস্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫-এ কোনো বাংলাদেশি জায়গা পাননি। পেসার হাসান মাহমুদ ৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন, আর ৩ ধাপ পিছিয়ে ২৭তম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ।
তবে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে নিজের অবস্থান অটুট রেখেছেন মিরাজ। আগের মতোই চার নম্বর স্থানে রয়েছেন তিনি।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available