স্পোর্টস ডেস্ক: দেশের ইতিহাসে মিডিয়া অঙ্গনের সর্বোচ্চ প্রাইজমানির ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ-২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২’ শীর্ষক এ প্রতিযোগিতা। এতে অংশ নেবে দেশের বিভিন্ন গণমাধ্যমের ৪৮টি দল।
এবিজি ইউনিভার্সিটি কাপের সফল আয়োজনের পর এবার সাংবাদিকদের নিয়ে নতুন এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টে ইউনিভার্সিটি কাপের চেয়েও বেশি অর্থ পুরস্কার রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি। পাশাপাশি প্রতিটি ম্যাচের জয়ী ও পরাজিত দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার। ফলে শুধু শিরোপাজয়ী নয়, প্রতিটি দলের জন্যই পুরস্কার জেতার সুযোগ থাকছে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে ১২০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি ম্যাচে ম্যাচসেরাসহ তিনটি পুরস্কার দেওয়া হবে। সে হিসাবে এ পর্বে মোট ৩৬০টি পুরস্কার থাকবে।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১০ হাজার টাকা। অন্যদিকে দ্বিতীয় পর্বে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচসেরাসহ এ পর্বে থাকবে ২৪টি পুরস্কার। প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১৫ হাজার টাকা।
এ ছাড়া পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের জন্যও থাকছে ব্যক্তিগত পুরস্কার। প্রতিযোগিতার সবচেয়ে মূল্যবান খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা। ফেয়ার প্লে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের জন্য প্রত্যেকে পাবেন ২৫ হাজার টাকা করে।
খেলার পাশাপাশি সাংবাদিকদের সেরা প্রতিবেদন ও সৃজনশীল কনটেন্ট তৈরির জন্যও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফুটসাল মাঠে সাতজনের দলে। এরপর নকআউট পর্বে খেলার ধরনে আসবে পরিবর্তন। টুর্নামেন্টের শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে খেলাধুলার সুযোগ তৈরি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available