ডেস্ক রিপোর্ট: রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আজ ১ নভেম্বর রোববার এক দিনের জন্য শিথিল করা হয়েছে। পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ উদ্যাপনের সুযোগ করে দিতে এ ঘোষণা দিয়েছে অবরোধকারীরা।
অবরোধ আহ্বানকারী সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের মৌলিক প্রয়োজন এবং ধর্মীয় উৎসবের গুরুত্ব বিবেচনায় ১ নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য সাজেক সড়কে সব ধরনের যান চলাচল ও অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
তবে এ শিথিলতা শুধু নির্দিষ্ট এই দিনের জন্য প্রযোজ্য হবে। রোববারের পর থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আবারও আগের নিয়মে কঠোরভাবে বলবৎ থাকবে।
এদিকে অবরোধের মধ্যেই শনিবার সাজেকের দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জনমনে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এর আগে অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের প্রথম দফা গোলাগুলির ঘটনা ঘটে।
বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে তৃতীয় দফায় এ অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হয়ে আসছে। ধারাবাহিক অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক রুটে দীর্ঘ সময় ধরে পর্যটকবাহী গাড়ি ও সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকের সঙ্গে জেলা সদর ও অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে একদিকে পর্যটন ব্যবসা চরম সংকটের মুখে পড়েছে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, শাকসবজি ও জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বিঘ্নিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
সাজেক উপত্যকা দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় এখানকার অর্থনীতি অনেকাংশেই পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল। কিন্তু লাগাতার অবরোধের কারণে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং জিপগাড়ির চালক ও মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
পাহাড়ের স্থানীয় অর্থনীতিতে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে উঠতে দ্রুত স্থায়ী সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available