• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫৪:০০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩৫

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে রান্না করা চিংড়ি খাওয়ার পর তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা। তিন বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ অস্থিরতা ও শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

আজ থেকে সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমার উৎসব শুরু

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল তাঁর। অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তিন বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আনন্দভ্রমণ শেষে বন্ধুর মরদেহ নিয়ে ফিরতে হবে, এমন পরিস্থিতির কথা তাঁরা কল্পনাও করেননি।

আরও পড়ুন

অবশেষে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে ‘এমভি বারো আউলিয়া’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামও জানান, চিংড়ি খাওয়ার পর ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েন। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ